বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

প্রবীণ অভিনেতা ও বেতার ব্যক্তিত্ব কাফি খান আর নেই

প্রবীণ অভিনেতা ও বেতার ব্যক্তিত্ব কাফি খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

কাফি খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তাঁর সর্বশেষ কর্মস্থল ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ। তবে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

১৯২৮ সালের ১ মে ব্রিটিশ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার কাজীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কাফি খান। স্কুল-কলেজে পড়াশোনাকালে তিনি আবৃত্তি চর্চার সঙ্গে জড়িত হন। দেশবিভাগের পরপরই ঢাকায় চলে আসেন, সরকারি চাকরির পাশাপাশি যুক্ত হন নাট্যচর্চায়। এরপর নিয়মিত হন বেতার ও টিভি নাটকে।

ওই সময়কার বেতারের প্রযোজক মহিউদ্দিন পরিচালিত ‘মাটির পাহাড়’ ছবিতে সুলতানা জামান ও ড. রওশন আরার বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেন কাফি খান। এরপর করেন তোমার আমার, অনেক দিনের চেনা, রাজা সন্ন্যাসী, দুই দিগন্ত প্রভৃতি ছবি।

১৯৬৬ সালে ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকাতে সংবাদ পাঠক হিসেবে যোগ দেন কাফি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন কাফি খান। ১৯৭৩ সালে দেশে ফিরে তিনি বাংলাদেশ টেলিভিশনে সংবাদ পাঠ শুরু করেন। সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের প্রথম দিক পর্যন্ত তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় টেলিভিশন পুরস্কার অর্জন করেন। ১৯৮২ সালে আবারও ভয়েস অব আমেরিকায় যোগ দেন। ১৯৯৪ সালে অবসর নেন। তবে ১৯৯৯ সাল থেকে বেশ কিছুদিন খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে ভয়েস অব আমেরিকায় যুক্ত ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com