সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশন শুরু

সারাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেয়ার জন্য নিবন্ধন করতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের জরুরি বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউজিসি। এতে বলা হয়েছে, সঠিক এনআইডি নম্বরসহ যে সকল আবাসিক শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছিল, তারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা খোলার পরিকল্পনা করেও পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি না হওয়ায় শ্রেণিকক্ষে ক্লাস শুরু করা সম্ভব হয়নি। মঙ্গলবারও (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক ঘোষণায় দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসার ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের টিকাদান শেষ হলেই সরকার উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার দু’দিনের মধ্যেই ইউজিসি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নিবন্ধন শুরু করতে বললো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com