শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
আগামী ১০ আগস্ট থেকে বিদেশিরা ওমরাহ করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরব। ৯টি দেশ ছাড়া সব দেশ থেকে সৌদি আরবে বিমান চলাচল করবে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে দেশটির সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সীরা ওমরাহ পালন করতে পারবে। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবাননের নাগরিকদের তৃতীয় আরেকটি দেশে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ওমরাহ পালন করতে হলে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার সম্পূর্ণ ডোজ নেয়া থাকতে হবে। আর চীনের টিকার দুটি ডোজ নেয়া থাকলেও ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের একটি করে বুস্টার ডোজ নিতে হবে।
এর আগে ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিল। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ায় সংক্রমণ এড়াতে আবারো তা স্থগিত করা হয়। এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ আয়োজন করেছে সৌদি আরব সরকার।
হজ এবং ওমরাহ পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব ভ্রমণ করে থাকেন। মুসলিম ধর্মালম্বীদের এই দুইটি বিধান পালন করতে একই স্থাপনা ভ্রমণ করতে হয়।
করোনা মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন।
এছাড়া, সারা বছরই ওমরাহ পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান। হজ থেকে সৌদি আরব প্রতিবছর প্রায় ১ হাজার ২শ’ কোটি মার্কিন ডলার আয় করে।