বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
লকডাউনের পঞ্চম দিনেও নৌপথ দিয়েও ঢাকা আসছে বহু মানুষ। মঙ্গলবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে যানবাহনের চাপ নেই। তবে শিমুলিয়া ঘাটে পারাপারের জন্য গাড়ি অপেক্ষায় না থাকলেও বাংলাবাজার প্রান্তে রয়েছে যানবাহনের সারি।
এছাড়া ঢাকামুখী যাত্রীর সংখ্যা খানিকটা বেশি হলেও, ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা তুলনামূলক কম রয়েছে।
এদিকে, শিমুলিয়া – বাংলাবাজার নৌরুটে সাতটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করছে। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বিনা বাধায় যাত্রীরা ফেরিতে চড়ে পাটুরিয়া ঘাটে চলে আসছে। জরুরি যানবাহন পারাপারের জন্য ৬টি ফেরি চলাচল করছে। আর ওইসব ফেরিতে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবার যানবাহনের সঙ্গে উঠে আসছেন বহু যাত্রী।
অনেক যাত্রীই সকাল থেকে ঘাটে যাত্রী ভাড়া ২৫ টাকা দিয়ে সহজেই ফেরিতে উঠে যাচ্ছেন। তবে থ্রি হুইলার ছাড়া কোনো গণপরিবহন না চলার কারণে ঘাটে আসতে বিপাকে পড়তে হয়েছে তাদের।
সরেজমিনে দেখা গেছে, সকালের দিকে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন ফেরিতে পার করা হচ্ছে। একইভাবে শিমুলিয়া থেকে ছেড়ে আসা ফেরিতেও যাত্রীবাহী ছোট যানবাহনও ছিল। দুপুরের দিকে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, কাভার্ডভ্যান পার হতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক ফয়সাল হোসেন জানিয়েছেন, গেলো তিন দিনের মতো আজও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে তিনটি রো রো ও চারটি মাঝারি আকারের মোট সাতটি ফেরিতে করে যানবাহন ও যাত্রী পারাপার করছেন তারা।