শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:১১ অপরাহ্ন
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিচ্ছিন্ন করা হটলাইন যোগাযোগ আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতারা।
গত বছরের জুনে দুই দেশের মধ্যে একটি অসফল সামিটের পর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাথে হটলাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।
এর পরপরই দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যে স্থাপিত সীমান্তের কাছাকাছি একটি অফিস গুড়িয়ে দেয় উত্তর কোরিয়া।
তবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর ব্লু হাউজ থেকে জানানো হয়েছে, উভয় দেশই একে অপরের সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে সম্মত হয়েছে।
ব্লু হাউজ আরও জানিয়েছে, গত এপ্রিল থেকে দুই নেতার মধ্যে বেশ কয়েকবার চিঠি চালাচালি হয়েছে।
উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা অনুযায়ী ২৭ জুলাই থেকে দুই দেশের মধ্যে সব ধরনের লিয়াজোঁ যোগাযোগ আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা ফোনে তিন মিনিট ধরে কথা বলেছেন। তারা আরও বলেছে, মঙ্গলবার (২৭ জুলাই) থেকে শুরু করে এখন থেকে প্রতিদিনই তাদের মধ্যে যোগাযোগ চলবে।
এর আগে ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মধ্যে তিনবার দেখা হওয়ার পর দুই দেশের সম্পর্কের কিছুটা উনুতি হয়েছিলো। কিন্তু এর কিছুদিন পরই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কিম জং উন দেখা করার পর দক্ষিণ কোরিয়ার সাথে তাদের সম্পর্কের আবার অবনতি ঘটে।
এক পর্যায়ে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাথে সব ধরনের রাজনৈতিক ও সামরিক যোগাযোগ বিচ্ছিন্ন করে। তবে, হটলাইন চালু করার আহ্বান জানিয়ে আসছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত শতাব্দীর পঞ্চাশের দশকে দুই দেশের মধ্যে যুদ্ধের অবসান হওয়ার পর থেকেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কে টানাপোড়েন চলে আসছে।