বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ফরিদপুরে পদ্মার পানি বিপৎসীমার ৬৯ সে.মি. ওপরে

ফরিদপুরে পদ্মার পানি বেড়েই চলেছে। বর্তমানে বিপৎসীমার ৬৯ সে. মি.  ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী মানুষদের জন্য সরকারি খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানিয়েছেন, পদ্মায় গোয়ালন্দ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বেড়েছে ৮ সে. মি.। বর্তমানে এই নদীর পানির উচ্চতা ৯.৩৪ মিটার যা বিপৎসীমার ৬৯ সে.মি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে চারটি উপজেলা জেলা সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার) ১৩ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী।

এই সকল এলাকার প্রায় দেড় শতাধিক গ্রামে ফসলি ক্ষেত, রাস্তা, নিচু এলাকার বসতবাড়ি তলিয়ে গেছে।

এছাড়াও নদী ভাঙনের শিকার হচ্ছে মধুখালী, আলফাডাঙ্গা ও সদরপুরের বিভিন্ন অংশে।

সরকারিভাবে এই সকল এলাকায় ইতিমধ্যে ৫০ মেট্রিক টন চাল ও সাড়ে নয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলার মধুমতি ও আড়িয়াল খাঁর বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে ফসলের জমিসহ বিভিন্ন স্থাপনা। এছাড়াও ফরিদপুর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রীরচর ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে, পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে আমাদের কাছে ।

তিনি আরও বলেন, বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com