বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

লন্ডনে কোভিড সংক্রমণের ৪০ শতাংশই এখন ওমিক্রন ভ্যারিয়েন্ট

বৃটেনে ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়ছে ওমিক্রন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন রাজধানী লন্ডনের কোভিড আক্রান্তদের ৪০ শতাংশের পেছনেই রয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। ফলে যত দ্রুত সম্ভব নাগরিকদের ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটি। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

গত ২৭শে নভেম্বর প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয় বৃটেনে। এই ভ্যারিয়েন্টের বিস্তার থামাতে কঠিন বাধানিষেধ আরোপ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববারই তিনি হুঁশিয়ারি করে দিয়েছিলেন যে দ্রুতই স্রোতের মতো ছড়িয়ে পড়তে যাচ্ছে ওমিক্রন। এখন বৃটেন বলছে, যদি কোনো পদক্ষেপ নেয়া না হয় তাহলে এ মাসের শেষ নাগাদ দেশটিতে প্রায় এক মিলিয়ন মানুষ ওমিক্রনে আক্রান্ত হবে। এ নিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, এই ভ্যারিয়েন্টটি ‘বিস্ময়কর’ মাত্রায় ছড়িয়ে পড়ছে।

আমরা কখনই এরকম দেখি নি। প্রতি দুই বা তিন দিনে আক্রান্তের সংখ্যা দুইগুন হচ্ছে। এর মানে হচ্ছে, ওমিক্রনের বড় ঢেউ আসতে চলেছে আমাদের উপরে। আবারো আমরা ভাইরাস বনাম ভ্যাকসিন প্রতিযোগিতা দেখতে যাচ্ছি।
শুক্রবার প্রকাশিত এক গবেষণার ফলে দেখা গেছে, দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করলে ওমিক্রনের বিরুদ্ধে উল্লেখযোগ্য হারে সুরক্ষা দেয়। তবে বুস্টার ডোজ নেয়াদের মধ্যে এই সুরক্ষার মাত্রা ৭০ শতাংশের বেশি। সাজিদ জাভিদ জানিয়েছেন, ইংল্যান্ডে ওমিক্রনে আক্রান্তদের মধ্যে মাত্র ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এখনো এই ভ্যারিয়েন্টে কারো মৃত্যু হয়নি। তবে লন্ডনের কোভিড আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশই এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com