বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

জর্ডানে নিরাপত্তা ইস্যুতে সৌদি ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে

নিরাপত্তা ইস্যুতে সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করেছে জর্ডান। সোমবার জর্ডানের সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

জর্ডানের দ্যা আরব ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজে সৌদি আরব ও ইরানের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন নিরাপত্তা ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা আনায়নের জন্য বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় বলে জানিয়েছে জর্ডানের সরকারি বার্তা সংস্থা পেত্রা।

জর্ডানি গণমাধ্যমগুলো আরো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া আর কোনো তথ্য দেয়া হয়নি।

সাম্প্রতিক সময়ে ইয়েমেন থেকে সৌদি আরবে ড্রোন হামলা বাড়ায় এমন আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। কারণ, ২০১৪ সাল থেকেই ইয়েমেনে যুদ্ধ চলছে।

এবার সৌদি আরব ও ইরানের মধ্যে বিভিন্ন কৌশলগত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ের মধ্যে আছে ইরানের পরমাণু কর্মসূচি, পরমাণু জ্বালানি নিয়ে সহযোগিতা ও অন্যান্য বিষয়। এ ধরনের আলোচনার মাধ্যমে দু’দেশের মধ্যে আস্থার সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করা হয়েছে।

সৌদি আরব ও ইরানের মধ্যে প্রথম আলোচনার আয়োজন করেছে ইরাক। পরে জর্ডান একই ধরনের আলোচনার আয়োজন করেছে। এসব আলোচনার উদ্দেশ্য ছিল সৌদি আরব ও ইরানের মধ্যে দূরত্ব কমানো এবং শান্তি স্থাপন করা। এখন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে দু’দেশ তাদের দূতাবাসগুলো আবার খুলবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com