বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সৌদি আরবে তাবলীগ জামায়াতের বিরুদ্ধে জুমায় খুতবা দিতে ইমামদের প্রতি প্রজ্ঞাপন জারির তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এই জামাতের উদ্দেশ্য শুধুমাত্র মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়া, খালিস তাওহীদ প্রতিষ্ঠা ও সুন্নতের অনুসরণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা বলে জানান হেফাজতের এ নেতা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
হেফাজতের আমীর শাহ মুহিব্বুল্লাহ বলেন, তাবলীগ জামাত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক, নির্ভেজাল, দাওয়াতি জামাত৷ ঊনবিংশ শতাব্দীতে দারুল উলুম দেওবন্দের এক সুযোগ্য সন্তান শায়খ মাওলানা ইলিয়াস রহ. এর হাতে এই জামাত প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বব্যাপী পাঁচ উপমহাদেশে ব্যাপক বিস্তার লাভ করে। এই জামাতের উদ্দেশ্য শুধুমাত্র মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়া, খালিস তাওহীদ প্রতিষ্ঠা ও সুন্নতের অনুসরণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা৷ পথহারা মানুষকে পথের দিশা দেওয়া৷ বর্তমানে এই জামাত বিশ্বজুড়ে একটি ঈমানি ও দাওয়াতি আন্দোলনে রূপ লাভ করেছে৷ আল্লাহর মেহেরবানীতে এই আন্দোলনের মাধ্যমে অগণিত পথহারা মানুষ সীরাতুল মুস্তাকীমের সন্ধান লাভ করতে সক্ষম হয়েছে ৷
বিবৃতিতে বলা হয়, তাবলীগ জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহ. সহ প্রায় সকল মুরুব্বী দ্বীনের দাঈ, তাওহীদের বার্তাবাহক ছিলেন৷বেদাত-কুসংস্কার থেকে অনেক দূরে থাকতেন৷তাদের অনেকে হাদীসগ্রন্থের বড় বড় ব্যাখ্যাকারও বটে ৷বর্তমানে সৌদি সরকার এই জামায়াতের বিরুদ্ধে কবর পূজা বা শিরকের যে অপবাদ দিচ্ছে তা আমাদের মতে জঘন্য মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু নয়৷মূলত: জামাতে তাবলীগ সম্পর্কে ভালোভাবে জানা না থাকার কারণে এমনটা হয়েছে বলে আমাদের মনে হয়।
হেফাজতের আমীর বলেন, যা হোক, সৌদি আরবের সরকারের কাছে আমাদের অনুরোধ, তারা যেন বিষয়টা খতিয়ে দেখে এবং এমন কোনও সিদ্ধান্ত না নেয় যা তাদের ন্যায়বোধকে বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করবে বলে বিবৃতিতে বলা হয়।