বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, বাগদাদের গ্রিন জোন লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। একটি রকেট আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়। অপর রকেটটি ভূমিতে এসে পড়ে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে রকেটটিকে আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়, সেটি মার্কিন দূতাবাসের কাছেই পড়েছে। আর দ্বিতীয় রকেটটি পড়েছে মার্কিন দূতাবাস থেকে ৫০০ মিটার দূরে।

অবশ্য আগে দেশটির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছিল, দুটি রকেটই আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়। পরে সেগুলো মার্কিন দূতাবাসের কাছে পড়ে।

সবশেষ এই রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন সেনা ও স্বার্থ লক্ষ্য করে বেশ কিছু রকেট বা ড্রোন বোমা হামলা চালানো হয়।

এই হামলাগুলোর দায় খুব কমই কেউ স্বীকার করেছে। তবে ইরাকের ইরানসমর্থিত গোষ্ঠীগুলো এই হামলা চালাচ্ছে বলে সন্দেহ করা হয়।

ইরাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার ৫০০ সেনা রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক জোটের সেনা রয়েছে এক হাজার। এই সেনারা দেশটিতে এখন প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতার কাজে নিয়োজিত থাকবে বলে জানানো হয়েছে।

২০০৩ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে দেশটিতে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। সেই আগ্রাসনের পর ২০১১ সালের ১৮ ডিসেম্বর ইরাক থেকে মার্কিন সেনারা বিদায় নেয়। পরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকে সেনা পাঠায় যুক্তরাষ্ট্র।

মার্কিন সেনাদের ইরাক ছাড়ার ১০ম বার্ষিকীর সময় গ্রিন জোন এলাকা লক্ষ্য করে রকেট ছোড়া হলো

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com