বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
মোহাম্মদ সালাহ’র পেনাল্টি মিসের দিনে লিস্টার সিটির কাছে প্রিমিয়ার লিগে মঙ্গলবার ১-০ গোলে পরাজিত হয়েছে লিভারপুল। লিস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের ৫৯ মিনিটে জয়সূচক গোলটি করে আদেমোলা লুকমান।
এর ফলে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার ধারা থেকে বেরিয়ে আসলো রেডরা। একইসাথে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে লিভারপুল ৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়লো।
নভেম্বরে ওয়েস্ট হ্যামের কাছে ৩-২ গোলের পরাজয়ের পর এই প্রথম কোন ম্যাচে পরাজয়ের স্বাদ পেল জার্গেন ক্লপের দল। নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় লিভারপুরের পরাজয়টা কাল প্রাপ্য ছিল। বিশেষ করে প্রথমার্ধে সালাহ’র পেনাল্টি রুখে দিয়ে লিস্টার গোলরক্ষক কাসপার শিমিচেল সঠিক সময়ে সঠিক কাজটিই করেছেন। মার্চের পর থেকে এই প্রথম লিগের কোন ম্যাচে গোল করতে ব্যর্থ হলো অল রেডসরা।
এ সম্পর্কে ক্লপ বলেছেন, ‘আমরা মোটেই নিজেদের স্বাভাবিক ম্যাচ খেলতে পারিনি। তারপরেও বেশ কিছু সুযোগ আমরা পেয়েছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। বল নিয়ে আজ পুরো দল যা করেছে তা মোটেই কাম্য নয়। সত্যিই আমরা অসম্ভব বাজে একটি ম্যাচ খেলিছি। তারপরও প্রতিপক্ষকে প্রতিরোধ করা উচিৎ ছিল। নিজেদের স্বাভাবিক মানের নীচে অনেক কিছুই আজ আমরা করেছি।
কোভিড ও ইনজুরিতে আক্রান্ত লিভারপুলের এই ব্যর্থতার সুযোগ পুরোটাই নিয়েছে লিস্টার। অথচ এর আগের ম্যাচেই রোববার সিটির কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল লিস্টার। আর এই পরাজয়ে কার্যত লিভারপুলের উপর চাপ বাড়লো। নতুন বছরের শুরুতেই আরেক শিরোপা প্রত্যাশী চেলসির বিপক্ষে প্রথম ম্যাচে মোকাবেলা করতে হচ্ছে ক্লপ বাহিনীকে। তার আগে কালকের ম্যাচের জয়টা জরুরী ছিল।
রেডস বস আরো বলেন, ‘সিটির সাথে আমাদেও পার্থক্যটা বেশ বড় হয়ে গেছে। এই মুহূর্তে আমি মনে করি আমরা যদি স্বাভাবিক খেলা খেলতে পারি তবে আরো বেশী ম্যাচ জেতা সম্ভব। প্রথমত একটি বিষয় মনে রাখতে হবে একই ভুল বারবার করা যাবেনা। আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম এবং তার থেকে আর বেরিয়ে আসতে পারিনি। পুরোটাই আমাদের দোষ।’
লিস্টার বস ব্রেন্ডন রজার্স বলেছেন, ‘এটা সত্যিকার অর্থেই নায়োকোচিত পারফরমেন্স। দলের জন্য অনেক বড় একটি ফল। বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে সবকিছুই আজ আমরা করে দেখিয়েছি।’
করোনার কারনে রোববার লিডসের বিপক্ষে ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় বড়দিনের পর লিস্টারের থেকে বেশী বিশ্রাম পেয়েছে লিভারপুল। অন্যদিকে সিটির কাছে বিধ্বস্ত হবার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে আবারো মাঠে নেমে লিস্টারকে মোটেই পরিশ্রান্ত মনে হয়নি। করোনা থেকে সুস্থ হয়ে কাল লিভারপুল দলে ফিরেছিলেন তারকা ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডিক। ম্যাচের শুরুতে লিস্টারের বদলে যাওয়া লাইন-আপের বিপক্ষে সুযোগও তৈরী করেছিল সফরকারীরা। ১৬ মিনিটে প্রাপ্ত পেনাল্টি থেকে সালাহ ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন। শিমিচেল শটটি রুখে দিলেও ফিরতি বলেও সালাহ’র হেড বারে লেগে ফেরত আসে। আরো বেশ কিছু সেভ করে শিমিচেল লিভারপুলকে হতাশ করে তুলেছিলেন। প্রথমার্ধের শেষ ভাগে সাদিও মানের শট বারের উপর দিয়ে চলে গেলে এগিয়ে যাওয়া হয়নি লিভারপুলের। ৫৯ মিনিটে লিভারপুলের জন্য সবচেয়ে হতাশার মুহূর্তটি আসে। বদলী বেঞ্চ থেকে উঠে আসার তিন মিনিটের মধ্যে সাবেক এভারটন ফরোয়ার্ড লুকমান কিয়েরান ডসবারি-হলের পাস থেকে জোয়েল মোটিপকে কাটিয়ে মাত্র ১০ গজ দুর থেকে এ্যালিসন বেকারকে পরাস্ত করেন।
এদিকে দিনের আরেক ম্যাচে ১০ জনের সাউদাম্পটনের সাথে ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম। জেমস ওয়ার্ড প্রাউসের দুর্দান্ত গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় সাউদাম্পটন। বিরতির ঠিক আগে ডি বক্সের ভিতর সন হেয়াং-মিনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের কারনে মাঠত্যাগে বাধ্য হন মোহাম্মদ সালিসু। স্পট কিক থেকে কোন ভুল করেননি হ্যারি কেন।
অপর ম্যাচগুলোতে টেবিলের পঞ্চম স্থানে থাকা ওয়েস্ট হ্যাম ৪-১ গোলে ওয়াটফোর্ডকে এবং ক্রিস্টাল প্যালেস ৩-০ গোলে তলানির দল নরউইচ সিটিকে পরাজিত করেছে।