বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ইমরানের সাবেক স্ত্রীর গাড়িতে গুলি, চটেছেন রেহাম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান রবিবার (২ জানুয়ারি) রাতে ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলেন। মাঝপথে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুজন অজ্ঞাত ব্যক্তি। বন্দুক তাক করে তার গাড়িকে দাঁড় করিয়েও রাখে। কোনোমতে অন্য গাড়িতে করে পালিয়ে নিজের প্রাণ বাঁচান রেহাম।

ঘটনার পরপরই আতঙ্কিত রেহাম টুইট করেন। লেখেন—ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাইকে চেপে দুই দুষ্কৃতি এসে আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বন্দুক ধরে গাড়িকে দাঁড় করিয়ে রাখে। আমি অন্য গাড়িতে উঠে পড়েছি। ওই গাড়িতে আমার নিরাপত্তারক্ষী ও চালক আছেন।

তবে এ ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন তার সাবেক স্বামী তথা পাক প্রধানমন্ত্রীর দিকে। রেহাম লিখেছেন—এটাই কি ইমরান খানের নয়া পাকিস্তান! কাপুরুষ, গুণ্ডা ও লোভীদের দেশে আপনাকে স্বাগত!

সাংবাদিক ও সাবেক টিভি সঞ্চালক রেহাম খান ২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন। ২০১৫ সালে ৩০ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়। এর আগে প্রকাশ্যেই তিনি সাবেক স্বামীর সরকারের সমালোচনা করেছেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর তিনি ইমরানকে সেনাবাহিনীর হাতের পুতুল বলেছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com