যুক্তরাষ্ট্র সম্পদ জব্দ করে রাখার প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাজপথে হাজার হাজার আফগান নাগরিক ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় তারা আফগানদের সম্পদ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গত আগস্টে তালেবান কর্তৃক আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে থাকা আফগানিস্তনের নয় বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদ জব্দ এবং বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিভিন্ন সহায়তা বন্ধ করায় আফগান অর্থনীতি কঠিন ভোগান্তির মুখে পড়ে।
রবিবার (২ জানুয়ারি) বন্ধ করে দেওয়া মার্কিন দূতাবাসের কাছের এক কূটনৈতিক এলাকায় বিক্ষোভকারী জেকরুল্লাহ বলেন, ‘ আফগান জনগণ ও আমার বিশেষ দাবি হচ্ছে আমাদের জব্দ রাখার অর্থের ছাড় পাওয়া। এটি আমাদের অধিকার। আমাদের অধিকার দিতে হবে। অন্যথায় আমরা আমাদের কণ্ঠ শোনাতে আমাদের বিক্ষোভ অব্যাহত রাখবো।’
তিনি আরো জানান, বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন প্রদেশ থেকে এসেছে।
এর দু’দিন আগে আফগান নারীদের একটি গ্রুপ আফগান রাজধানীতে একই দাবিতে বিক্ষোভ করে।





















