মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

কেপ টাউন টেস্টে কোহলিকে পাবার ব্যাপারে আশাবাদি দ্রাবিড়

পিঠের ইনজুরির কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তবে কেপ টাউনে সিরিজের তৃতীয় টেস্টের একাদশে দেখা যাবে কোহলিকে, এমনই ইঙ্গিত দিলেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
গতরাতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে হারে ভারত। এই হারে সিরিজে এখন ১-১ সমতা। ম্যাচ শেষে দ্বিতীয় টেস্ট নিয়ে কথা বলতে গিয়ে কোহলির ব্যাপারে সর্বশেষ  দিয়েছেন দ্রাবিড়।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় কোহলি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। শেষ কয়েক দিন ধরে ট্রেনিং করছে। দৌঁড়ানো শুরু করেছে। নেটে থ্রো ডাউনের সাহায্যে ব্যাট করেছে শেষ দু’দিন।’
তিনি আরও বলেন, ‘কেপ টাউন টেস্টের আগে আরও দু’টো নেট সেশন পাবে কোহলি। আর পরের টেস্টের আগে এখনও চার দিন বাকী আছে। আমি আশা করছি, সে খেলবে। এ ছাড়া  ফিজিওর সাথে কথা হয়েছে, সে বলেছে, খুব একটা সমস্যা নেই।’
দ্বিতীয় টেস্টে হারের জন্য ব্যাটারদের দায়ী করেছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘ব্যাটারদের  বড় ইনিংস খেলা দরকার ছিলো। প্রথম টেস্টে লোকেশ রাহুল সেঞ্চুরি করেছিলো, যে কারণে এত বড় ব্যবধানে আমরা এগিয়ে যাই। ম্যাচও জিতি। দ্বিতীয় টেস্টে বড় ইনিংস হয়নি। যে কোনও ব্যাটার যদি একটা হাফ সেঞ্চুরির ইনিংসকে বড় রানে পরিণত করতে পারে, সেটিই দলের কাজে লাগে। বোলারদের মধ্যেও লড়াই করার আত্মবিশ্বাস বেড়ে যায়। ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতেই হবে।’
জোহানেসবার্গের দুই ইনিংসে ভারতের রান ছিলো- ২০২ ও ২৬৬। প্রথম ইনিংসে ২২৯ রান করে দক্ষিণ আফ্রিকা। এরপর ২৪০ রানের টার্গেট পায় প্রোটিয়ারা। জবাবে অধিনায়ক ডিন এলগারের অপরাজিত ৯৬ রানের সুবাদে ৩ উইকেটে ২৪৩ রান করে ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট ১১৩ রানের ব্যবধানে জিতেছিলো ভারত। আগামী ১১ জানুয়ারি কেপ টাউনে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com