মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বিক্ষোভকারীদের আলোচনার আমন্ত্রণ প্রত্যাখান কাজাখ নেতার, ‘গুলি করে হত্যার’ নির্দেশ

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জর্মাত তোকায়েভ শুক্রবার বিক্ষোভকারীদের সাথে আলোচনার আমন্ত্রণ  প্রত্যাখান করে ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ ধ্বংস করার অঙ্গীকার করেছেন এবং কোন ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই দেশের নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছেন। দেশটিতে নজিরবিহীন অস্থিরতা ছড়িয়ে পড়ার কয়েকদিন পর তিনি এমন  বক্তব্য দিলেন। খবর এএফপি’র।
কাজাখস্তানের এমন সহিংসতাপূর্ণ পরিস্থিতি শান্ত করতে সহায়তায় দেশটিতে মস্কো নেতৃত্বাধীন জোট সৈন্য পাঠানোর পর জাতির উদ্দেশ্যে দেয়া গুরুত্বপূর্ণ ভাষণে তোকায়েভ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ‘বিশেষ ধন্যবাদ’ জানান।
এএফপি’র এক সংবাদদাতা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশের বৃহত্তম এ নগরী এবং সাম্প্রতিক সহিংসতার উৎপত্তি কেন্দ্র আলমাতির বিভিন্ন এলাকা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেয়া এসব এলাকা কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। এসব এলাকায় কেউ অগ্রসর হলেই গুলি করা হচ্ছে।
এতে নগরীর সর্বত্র ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। সেখানে বিভিন্ন ব্যাংক, সুপারমার্কেট ও রেস্তোরাঁ বন্ধ রয়েছে। তবে এখনো কিছু ছোট দোকান খোলা রয়েছে এবং এগুলোর খাবার দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের জন্য জরুরি নয় এমন ব্যক্তি ও সকল স্টাফের পরিবারের সদস্যদের কাজাখস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে।
টেলিভিশনে প্রচারিত এ সপ্তাহের তৃতীয় ভাষণে প্রেসিডেন্ট তোকায়েভ বলেন, সবকিছু পুনরুদ্ধারের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘সন্ত্রাসীরা সম্পদের ক্ষতি করা এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অস্ত্রের ব্যবহার অব্যাহত রেখেছে। ফলে কোন ধরনের সতর্কতা জারি করা ছাড়াই তাদেরকে গুলি করে হত্যা করতে আমি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছি।’
তিনি বিদেশ থেকে উপহাসমূলক আলোচনার আমন্ত্রণকে ‘অর্থহীন’ হিসেবে উল্লেখ করেন।
‘আমরা দেশি ও বিদেশি সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবেলা করছি। তাদেরকে  অবশ্যই ধ্বংস করা হবে। খুব শিগগিরই এ কাজ শেষ করা হবে।’
এদিকে পশ্চিমা দেশগুলো সকল পক্ষকে ধৈর্য ধরার  এবং জনগণের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করায় তোকায়েভের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com