শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

জানুয়ারিতে চীনে করোনা সংক্রমণ শিখর ছোঁবে

করোনাভাইরাসের নতুন প্রতিরূপ ‘বিএফ ৭’-এর ধাক্কায় কার্যত বেসামাল চীন। সম্প্রতি সে দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ কভিডে আক্রান্ত হয়েছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের রিপোর্টেই এ কথা জানানো হয়। কিন্তু এবার নতুন আশঙ্কার কথা জানাল কমিশন। তাদের রিপোর্ট অনুযায়ী, জানুয়ারির মাঝামাঝি সময়ে চীনের বড় শহরগুলোতে কভিড সংক্রমণ শিখর ছুঁতে পারে।

চীনের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ঝেজিয়াং প্রদেশেই প্রতি দিন ১০ লাখ মানুষ কভিডে আক্রান্ত হচ্ছেন। চীনের ‘আইফোন’ শহর বলে পরিচিত জেংঝাউ শহরেও সংক্রমণের হার গত দু’সপ্তাহের তুলনায় সর্বোচ্চ বলে জানা গেছে। চীনের আশি শতাংশ অঞ্চলেই কভিড ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমিশন।

সম্প্রতি চূন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, প্রতিদিন সে দেশে কতজন কভিডে আক্রান্ত হচ্ছেন, তা আর জানানো হবে না। চীন প্রকৃত সত্য গোপন করতে চাইছে বলে অভিযোগ করছে পশ্চিমি মিডিয়ার একাংশ। এ তথ্য প্রকাশ্যে না আসার কারণে কভিড পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা সে দেশেরই চিকিৎসকদের একাংশের।

সংক্রমণের রেখচিত্র পর্যালোচনা করে স্বাস্থ্য কমিশনের আশঙ্কা, জানুয়ারির মধ্যভাগে চীনের শহরে সব চেয়ে বেশি মানুষ কভিডে আক্রান্ত হবেন। তারপর আস্তে আস্তে কমবে সংক্রমণের হার। তবে প্রত্যন্ত অঞ্চলে সংক্রমণের হার নিম্নমুখী হতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে কমিশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com