বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
রামায়ণের প্রেক্ষাপটে নির্মিত ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে বিতর্ক যেন কমছেই না। সিনেমার কয়েকটি সংলাপের সমালোচনা করছেন অনেকে। ওম রাউত পরিচালিত সিনেমাটি নিষিদ্ধের দাবিও উঠেছে। এবার এ বিতর্কের উত্তাপ ছড়িয়ে পড়ল পাশের দেশ নেপালে। দেশটির রাজধানী কাঠমাণ্ডুতে আদিপুরুষ সিনেমাসহ সব ধরনের হিন্দি সিনেমার প্রদর্শন বন্ধ ঘোষণা করা হয়েছে। টুইটারে রোববার (১৮ জুন) দেওয়া এক টুইটে এ ঘোষণা দেন কাঠমাণ্ডুর মেয়র।
গত শুক্রবার (১৬ জুন) হিন্দিসহ ৫টি ভাষায় মুক্তি পায় আদিপুরুষ। সিনেমায় হনুমানের সংলাপ শুনে অনেকেই অবাক হয়েছেন, কেউ কেউ দারুণ চটে বলেছেন, চলতি ভাষা বসিয়ে পরিচালক ওম রাউত সিনেমাটিকে পথে বসাতে চাইছেন। কিন্তু আদিপুরুষ দেখতে হলভর্তি দর্শকের উপস্থিতি দেখা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আদিপুরুষ ছবিতে সীতাকে ভারত-কন্যা বলা হয়েছে। ছবি মুক্তি পাওয়ার পরই কাঠমাণ্ডুর মেয়র বালেন্দ্র শাহ এই ছবির নির্মাতাদের অনুরোধ করেন এই ভুল শুধরে নেওয়ার। অথবা সিনটা বাদ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু ছবির নির্মাতাদের তরফ থেকে এই বিষয়ে কোনো সাড়া না পেয়ে, ভুল শুধরানো না হওয়ার কারণে তিনি নেপালে সব বলিউডের ছবির ওপরেই নিষেধাজ্ঞা জারি করেন।
বালেন্দ্র শাহের মতে, সীতা জনকপুরের রাজা জনকের কন্যা ছিলেন। আর এই ছবিতে সেখানে তাঁকে ভারতের কন্যা বলে দাবি করা হয়েছে, যেখানে জনকপুর নেপালে অবস্থিত।
এই পৌরাণিক সিনেমায় ‘রাম’ চরিত্রটির রূপায়ন করেছেন প্রভাস, আর সীতার চরিত্রটি করএছেন অভিনেত্রী কৃতি শ্যানন। এ সিনেমা দিয়েই প্রথম জুটি বেঁধেছেন তারা। রাবণ চরিত্রে রয়েছেন বলিউডের আরেক অভিনেতা সাইফ আলী খান।