মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
জনতার মাঝে হঠাৎ করে রাজ্য সভার বিধায়ককে সপাটে চড় মেরে বসেন এক বৃদ্ধা মহিলা। এমন পরিস্থিতি হবে হয়তো কেউ ভাবতেও পারেননি। তাই ক্ষণিকের জন্য পরিবেশটি স্তব্ধ হয়ে যায়। পরক্ষণে বিধায়ক নিজেকে সামলে নেন। এবং তিনি তার কাজ চালিয়ে যান।
জানা যায়, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের একাধিক প্রদেশ। বেশ কয়েকটি রাজ্যে বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির রাজধানীসহ উত্তরাঞ্চলে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এমন অবস্থায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়েন এক বিধায়ক। তাকে সপাটে চড় কষিয়েছেন এক বৃদ্ধা।
প্রবল বৃষ্টিতে দিল্লি, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে, বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হরিয়ানার একাধিক জায়গা ডুবে গেছে। বানভাসি এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় মহিলার হাতে চড় খেতে হয়েছে ওই বিধায়ককে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর দ্য ওয়ালের
খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে হরিয়ানার কৈথালি এলাকায়। কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়রাও বিপর্যস্ত। বাড়ি-দোকানে পানি ঢুকে গেছে, বাজারঘাট বন্ধ। এমন পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জননায়ক জনতা পার্টির বিধায়ক ইশ্বর সিং। তিনি এলাকায় পৌঁছতেই গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক নারী সপাটে ঈশ্বর সিংয়ের গালে চড় কষিয়ে দেন। প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? এখন কেন এসেছেন? কী দেখতে এখানে এসেছেন?
আচমকা চড় খেয়ে প্রথমে হকচকিয়ে যান ওই বিধায়ক। যদিও পরে ওই নারীকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। উত্তেজিত জনতার মধ্যে থেকে নিরাপত্তারক্ষীরা ঈশ্বর সিংকে সরিয়ে নেন।
ওই বিধায়ক যদিও পরে জানিয়েছেন, ‘আমি তার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছি না। আমি তাকে ক্ষমা করে দিয়েছি৷’