রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শাহরুখের সঙ্গে নাচলেন এক হাজার নারী

একদমই নতুন আঙ্গিকে ফের পর্দায় হাজির হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। সিনেমাটির প্রথম গান খুব শিগগিরই মুক্তি পাবে।

জানা গেছে, ‘জিন্দা বান্দা’ শিরোনামের এ গানটিতে ১ হাজারেরও বেশি নারী নৃত্যশিল্পী পারফর্ম করেছেন। নারী নৃত্যশিল্পীদের সঙ্গে গান ভিডিওতে শাহরুখকেও দেখা যাবে। চেন্নাইয়ে বিশাল সেট নির্মাণ করে পাঁচ দিন শুটিং হয়েছে। গানটির জন্য ব্যয় হয়েছে ১৫ কোটি রুপি।

বক্সঅফিস ওয়ার্ল্ডওয়াইড এক প্রতিবেদনে জানিয়েছে, ‘জাওয়ান’ সিনেমার গানের স্বত্ত্ব কেনার জন্য অনেক কোম্পানি চেষ্টা করেছে। তবে ৩৬ কোটি রুপিতে সিনেমাটির গানের স্বত্ত্ব কিনেছে টি-সিরিজ।

শাহরুখ খানের ঘনিষ্ঠজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘জাওয়ান’ সিনেমার ডিজিটাল সেটেলাইট এবং গানের স্বত্ত্ব ২৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

‘জাওয়ান’ পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। ছবিতে শাহরুখ খানের বিপরীতে আছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়ের মতো তারকা।

২২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

সূত্র : ইন্ডিয়া টুডে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com