শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সৃজিতের অসুস্থতায় হতাশ জয়া

‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’ ছবির পর পাঁচ বছর কলকাতার খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় দেখা যায়নি দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসানকে। এবার ‘দশম অবতার’ ছবির মধ্য দিয়ে সৃজিতের পরিচালনায় আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বাংলাদেশের এই মডেল-অভিনেত্রী। আসন্ন পুজোতে মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে সিনেমাটি। কিন্তু সিনেমাটির শুটিং একেবারে শেষের পথে এসে বন্ধ হয়ে গেল। জানা গেছে, পরিচালক সৃজিত ভীষণ অসুস্থ। জ্বর হয়েছে তার। ফলে এক দিনের শুটিং বাকি থাকতেই বন্ধ করতে হলো ক্যামেরা। এতে অনেকটাই হতাশ জয়া আহসান।

ভারতীয় গণমাধ্যম জানায়, সিনেমাটির শেষ দিনের শুটিং হওয়ার কথা ছিল উত্তরবঙ্গে। অংশ নেওয়ার কথা জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যের। কিন্তু পরিচালকের অসুস্থতার কারণে তা পিছিয়ে গেছে। তাই চলতি মাসের শেষে ফের শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সৃজিত মুখার্জি লিখেছেন, ‘অন্ধকার নামছে, এতই ঘন যে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না।’

এদিকে সৃজিতের সেই পোস্টে অনেকেই জানতে চান তার কী হয়েছে? অনেক ভক্তরাই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে কমেন্ট বক্সে কোনো উত্তর দেননি তিনি। অপরদিকে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে দেখা যায়, ‘দশম অবতার’ শুটিংয়ের মধ্যে ভালো সময় কাটাচ্ছে তার টিম। একটি ভিডিওতে সৃজিত, প্রসেনজিৎ অনির্বাণ ও জয়াকে হাসি-ঠাট্টা করতেও দেখা গেছে।

এর আগে গত জুন মাসে সৃজিতের অসুস্থতার খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল টলিউড পাড়ায়। তার একটি পোস্ট দেখেই তখন উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সবাই। তখনও হঠাৎ শরীরে অস্বস্তি বোধ করায় চিকিৎসকের পরামর্শ নেন তিনি। তখনই তাকে কিছু পরীক্ষা করাতে নির্দেশ দেন চিকিৎসক। সেই টেস্ট করাতে পত্নী মিথিলার সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন সৃজিত। তবে এরপরেই মিথিলা জানিয়েছিলেন- চিন্তার তেমন কোনো কারণ নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com