শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

৩৩ টাকায় মিলছে প্রতি কেজি পেঁয়াজ

আগামী অক্টোবরে নতুন ফসল আসার আগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে কড়া পদক্ষেপ নিল ভারতের কেন্দ্রীয় সরকার। আজ সোমবার (২১ আগস্ট) থেকে দিল্লিতে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হবে ২৫ টাকায়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩২.৮৭ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কম দামে পেঁয়াজ বিক্রি করবে ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়া (এনসিসিএফ)। এর আগে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কম দামে টমেটো বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

আগের দিন কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, পেঁয়াজের মজুত তিন লাখ মেট্রিক টন থেকে বাড়িয়ে পাঁচ লাখ মেট্রিক টন করা হবে। আগামী অক্টোবরে বাজারে নতুন ফসল আসবে। তার আগেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নিল কেন্দ্র। সিদ্ধান্ত হয়েছে, আজ থেকে এনসিসিএফের মোবাইল ভ্যান এবং বিপণিতে পাওয়া যাবে পেঁয়াজ।

এর আগে পেঁয়াজের দাম সাধারণ মানুষের হাতের মুঠোয় রাখতে রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে কেন্দ্র, যা জারি থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এমন সিদ্ধান্তের ফলে দেশের বাজারে পেঁয়াজের জোগান বাড়বে। তবে অনেকের আশঙ্কা, সেপ্টেম্বরে পেঁয়াজের দাম বাড়তে পারে। সে জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com