বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
উত্তর কোরিয়ার গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলো। দেশটির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে উৎক্ষেপণের তৃতীয় ধাপে রকেট ভেঙে পড়ে। এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেসিএনএ।
গত মে মাসে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয় পিয়ংইয়ং। রকেটের ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থার সমস্যার কারণে সমুদ্রে আছড়ে পড়ে চল্লিমা-১ নামের ওই কৃত্রিম উপগ্রহ।
আগামী অক্টোবরে আরেক দফা উৎক্ষেপণের চেষ্টা করবে উত্তর কোরিয়া।
জাপানের প্রতিরক্ষা উপমন্ত্রী কিমি ওনোদা জানান, ভোররাতে রকেটটি পীত সাগর, পূর্ব চীন সাগর ও প্রশান্ত মহাসাগরে পড়ার আগে একাধিক অংশে ভেঙে পড়ে।
ধ্বংসাবশেষ উদ্ধারের পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উৎক্ষেপণ সঠিকভাবে সম্পন্ন হলেও স্যাটেলাইটটি ছিল প্রাথমিক পর্যায়ের।
রকেট উৎক্ষেপণের পরপরই দক্ষিণ ওকিনাওয়া এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে জরুরি অবস্থা জারি করে জাপান।
উত্তর কোরিয়া গত মঙ্গলবার এক ইমেইলে রকেট উৎক্ষেপণের বিষয়টি জাপানকে জানিয়েছিল। সেখানে বলা হয়, আগামী ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে পীত সাগর ও পূর্ব চীন সাগরের দিকে একটি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। ওই এলাকাটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়ে।
ইমেইলের পরে জাপানি কোস্ট গার্ড এই অঞ্চলের জন্য নৌচলাচল সতর্কতা জারি করে। আকাশ থেকে পড়া বস্তু থেকে সতর্ক থাকার জন্য জাহাজকে আহ্বান জানানো হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়া উভয়ই গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণ চেষ্টার নিন্দা করেছে।