মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
গত সপ্তাহ থেকে প্রশান্ত মহাসাগরে জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে শোধন করা তেজস্ক্রিয় পানি ছাড়তে শুরু করে জাপান। দূষিত এই পানি সাগরে ছাড়া নিয়ে শুরু থেকেই বিরোধ দেখা দিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া এবং চীনের সঙ্গে।
তবে শুরু থেকেই এই পানিকে নিরাপদ বলছে জাপান। এবার তা প্রমাণ করতে সবার সামনেই সেই ফুকুশিমা উপকূলের সুস্বাদু সাশিমি মাছ খেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। পরে তিনি এই মাছকে ‘খুব সুস্বাদু’ বলে অভিহিত করেন।
বুধবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে ভিডিও চিত্রের মাধ্যমে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয় ফুমিও কিশিদার কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর সাগরের মাছ খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কিশিদা জাপানের জনপ্রিয় খাবার সাশিমির টুকরা চিবোতে চিবোতে বলছেন, ‘এটি খুব সুস্বাদু’।
ভিডিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও তিনজন কর্মকর্তাকেও এই মাছ খেতে দেখা যায়।
মূলত, দূষিত ওই পানি সাগরে ফেলার পরও তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এবং মাছ খাওয়া নিরাপদ এমনটিই সবার সামনে তুলে ধরতে চেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।
টোকিও ও জাতিসংঘের পারমাণবিক নজরদারি কর্তৃপক্ষ প্রথম থেকেই শোধন করে সাগরে ছাড়া এ পানি নিরাপদ ও এতে সহনীয় মাত্রার তেজস্ক্রিয়তা রয়েছে বলে আসছে।
তবে এতকিছুর পরেও গত ২৪ আগস্ট তেজস্ক্রিয় পানি ছাড়ার কারণে প্রতিবেশী দেশ জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাবার আমদানি বন্ধ করে দেয় চীন।