সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ’র জন্য ২০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদ। আন্তর্জাতিক গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। যদিও মিশরীয় এই ফরোয়ার্ডকে না ছাড়ার ব্যাপারে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্টরা বারবার ইঙ্গিত দিয়েছে।
গত শুক্রবার গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে ৩১ বছর বয়সি সালাহ’র জন্য সৌদি পেশাদার ক্লাবের দেওয়া আকর্ষণীয় ১৫০ মিলিয়ন বিডের প্রস্তাবও নাকচ করে দিয়ে অলরেডদের কোচ ইর্গেন ক্লপ বলেছেন, ‘সালাহ বিক্রির জন্য নয়।’
ইতোমধ্যেই আল-ইত্তিহাদ করিম বেনজেমা, এন’গোলো কান্তে, দিয়েগো জোতা ও ফাবিনহোকে দলে ভিড়িয়েছে। ট্রান্সফার উইন্ডো খোলার শুরু থেকেই সালাহকে নজরে রেখেছিল আল-ইত্তিহাদ। ২০১৭ সালে লিভারপুলে আসার পর থেকেই সালাহ নিজেকে অ্যানফিল্ডে অপরিহার্য করে তোলেন। জার্গেন ক্লপের দলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতি মৌসুমেই তিনি গড়ে ২০টিরও বেশি গোল করেছেন। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫১ ম্যাচে করেছেন ৩০ গোল। আর নতুন মৌসুমেও তার শুরুটা ভালো হয়েছে। চার লিগ ম্যাচে এখন পর্যন্ত করেছেন দুই গোল।
গত গ্রীষ্মের শুরু থেকেই যেহেতু সালাহ’র জন্য সব প্রস্তাব নাকচ করে আসছিল লিভারপুল, সে কারণে এখন যে কোনো মূল্যেই তাকে দলে রাখতে চায় অলরেডরা। অ্যানফিল্ডে সালাহ’র বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি আছে। আল-ইত্তিহাদ আগামী গ্রীষ্মেও সালাহ’র জন্য চেষ্টা চালাবে বলে এখন থেকেই ইঙ্গিত দিয়ে রেখেছে।