শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সেমিকন্ডাক্টর খাতের জন্য রাষ্ট্র নিয়ন্ত্রিত বিনিয়োগ তহবিল চালুর উদ্যোগ নিতে যাচ্ছে চীন। এ তহবিলের পরিমাণ হবে ৪ হাজার কোটি ডলার। সংশ্লিষ্ট বিষয়ে অবগত সূত্রে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রসহ অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এ উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি। খবর রয়টার্স।
দুটি সূত্রের একটি জানায়, এ তহবিল থেকে চিপ উৎপাদন খাতে বড় বিনিয়োগ করা হবে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সেমিকন্ডাক্টর খাতে চীনকে স্বনির্ভর হিসেবে দেখতে চান। কয়েক বছর ধরে রফতানিতে যুক্তরাষ্ট্রের কয়েক দফা নিষেধাজ্ঞার পর এ প্রয়োজনীয়তা আরো প্রকট হয়ে উঠেছে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চীন উন্নত চিপ তৈরির পাশাপাশি সামরিক খাতে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে, এমন কারণে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদন প্রযুক্তি ব্যবহারে চীনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। জাপান ও নেদারল্যান্ডসও একই পদক্ষেপ নিয়েছে।
চিপ খাতের উন্নয়নে তহবিল গঠনের সিদ্ধান্তে চীন সরকার সম্প্রতি অনুমোদন দিয়েছে বলে দুটি সূত্রে জানা গেছে। চীনের অর্থ মন্ত্রণালয় ৬০ হাজার কোটি ইউয়ান সহায়তা করবে বলে জানা গেছে। অন্যদের বিষয়ে আর কিছু জানা যায়নি। স্টেস কাউন্সিল ইনফরমেশন অফিস, অর্থ, শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তহবিল সংগ্রহের প্রক্রিয়াটি শুরু হতে কয়েক মাস সময় লাগবে বলে জানা গেছে।
বেশকিছু বছর ধরে বিগ ফান্ড চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন ও হুয়া হং সেমিকন্ডাক্টরকে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে। এছাড়া ফ্ল্যাশ মেমোরি নির্মাতা ইয়াংটজে মেমোরি টেকনোলজিসসহ ছোট ও মাঝারি কোম্পানিগুলোও আর্থিক সহায়তা পেয়েছে। বিনিয়োগ পাওয়ার পরও চীনের চিপ উৎপাদন খাত বিশ্ববাজারে শীর্ষ অবস্থান তৈরি করতে পারেনি। বিশেষ করে উন্নত চিপের ক্ষেত্রে। বিগ ফান্ড নতুন তহবিলের মূলধন বিনিয়োগের জন্য কমপক্ষে দুটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়ার কথা ভাবছে বলে সূত্রে জানা গেছে।
চীনের কর্মকর্তারা রাষ্ট্র মালিকানাধীন চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের বিনিয়োগকারী শাখা চায়না অ্যারোস্পেস ইনভেস্টমেন্টের সঙ্গেও যোগাযোগ করেছে। এ বিষয়ে চায়না অ্যারোস্পেস ইনভেস্টমেন্টও কোনো মন্তব্য করেনি।