বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে ভারত

ভারত থেকে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে। এ জন্য আগামী ১০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নয়াদিল্লি। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা ও কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজার হত্যায় ভারত সরকারের ভূমিকা ছিল, সম্প্রতি কানাডার এমন ঘোষণার পর দুই দেশর কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তবে ভারত এই অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে।

সংশ্লিষ্টদের উদ্ধৃত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে ৪১ জন কূটনীতিককে অবশ্যই ফিরিয়ে নিতে হবে বলে কানাডাকে জানিয়ে দিয়েছে ভারত।

ভারতে কানাডার ৬২ জন কূটনৈতিক রয়েছেন। তাদের ৪১ জনকে সরিয়ে নিতে বলা হয়েছে।

অবশ্য বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলে সাড়া দেয়নি ভারতীয় ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর জানিয়েছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের জন্য সহিংসতার পরিবেশ ও ভীতি প্রদর্শনের পরিবেশ ছিল। সেখানে শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতিও নয়াদিল্লিকে হতাশ করেছে।

গত জুনে কানাডায় খুন হন শিখ নেতা হরদীপ সিং নিজার। এ নিয়ে গত মাসে ভারত সরকারকে দোষারোপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজারের হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com