বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় ২৩ জন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সৈন্যদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে পানির স্তর হঠাৎ করে ১৫-২০ ফুট উঁচুতে বেড়ে যায়। এর ফলে সিংটামের কাছে বারদাং-এ পার্ক করা সেনা গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং ২৩ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছে। এ ছাড়া আকস্মিক বন্যায় লাচেন উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির স্রোতে কিছু যানবাহন ডুবে গেছে। নিখোঁজদের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে।”

এনডিটিভি বলছে, সিকিমে রাতভর ভারী বৃষ্টি হয়েছে। প্রবল ওই বৃষ্টির পর উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে এবং তিস্তা নদীর পানির স্তর অনেক বেড়ে যায়। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশে করেছে।

এদিকে রাজ্যের বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে সিকিম প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের ধারণ করা এবং শেয়ার করা ভিডিওতে দেখা যায় বন্যার পানিতে সেখানকার রাস্তা তলিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শনকালে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, ‘কেউ আহত হয়নি তবে সরকারি সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সিংটামে কিছু লোক নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা চলছে।’

সিকিমের চুংথাং হ্রদ উপচে পড়ায় তিস্তা নদী ফুলে-ফেঁপে উঠেছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির হিসেবে, ‘গজলডোবা, দোমোহনী, মেখলিগঞ্জ এবং ঘিশের মতো নিচু এলাকাগুলো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এমন পরিস্থিতিতে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com