শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর হিন্দুস্তান টাইমস।
আজ শুক্রবার (৬ অক্টোবর) ভোররাতে মুম্বাইয়ের গোরেগাওঁ এলাকার এ অগ্নিকাণ্ড ঘটে। প্রতিবেদনে বলা হয়, আহতরা স্থানীয় দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ছয়তলা ওই ভবনের নিচতলায় স্থানীয় সময় ভোর ৩টার পর আগুন লাগে। পরে দাহ্য পদার্থের সংস্পর্শে ওপরের তলায়ও ছড়িয়ে পড়ে আগুনের শিখা। ভবনের নিচে থাকা একাধিক গাড়িতেও আগুন লেগে যায়।
এমন পরিস্থিতিতে ওপরের তলায় অনেক মানুষ আটকে পড়েন। কিন্তু নিচ তলায় আগুন ছড়িয়ে পড়ায় তারা নামতে পারছিলেন না।
মুম্বাইয়ের ফায়ার সার্ভিস কর্মকর্তা রবীন্দ্র আম্বুলগেকর জানান, ২০০৬ সালে বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় তৈরি হয়েছিল এ জয় ভবানী বিল্ডিং। এতে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না। ভবনের লিফটও অনেক পুরোনো। লিফটের ডাক্ট দিয়েই ওপরের তলায় বিষাক্ত ধোঁয়া উঠায় অসুস্থ হয়ে পড়েন।
আরো জানান, কয়েক ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান কর্মকর্তারা।