বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

যুক্তরাষ্ট্রের নাগরিক জুডিথ রানান ও তার মেয়ে নাটালি রানানকে মুক্তি দিয়েছে হামাস। গত ৭ অক্টোবর থেকে তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র দলটির হাতে জিম্মি ছিলেন। গতকাল শুক্রবার (২০ অক্টোবর) তাদের মুক্ত করে দেয়া হয়। খবর বিবিসি।

দুই বন্দিকে মুক্তি দেয়ার আগে টেলিগ্রাম চ্যানেলে বিবৃতি দেয় হামাস। এতে বলা হয়, কাতারের প্রচেষ্টায় আল-কাসাম ব্রিগেডস মানবিক কারণে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধারাবাহিক মধ্যস্থতার ফলে এই মুক্তি মিলেছে। তারা আশা করে যে সংলাপের মাধ্যমে সব বেসামরিক জিম্মিদের মুক্তি দেয়া হবে।

এক বিবৃতিতে মুক্তির তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। বিবৃতিতে বাইডেন জানিয়েছেন, আমি খুবই আনন্দিত যে এই দুই জিম্মি খুব দ্রুতই তাদের পরিবারের সাথে মিলিত হতে যাচ্ছে।

মুক্তির পরে বাইডেনের সঙ্গে তাদের কথা হয়েছে বলেও জানিয়েছে জেরুজালেমের মার্কিন দূতাবাস।

মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে এক বার্তায় দূতাবাস জানায়, মার্কিন এই দুই জিম্মির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন কথা বলেছেন। জিম্মি থাকা নিজেদের সব নাগরিককে প্রিয়জনের সঙ্গে একত্রিত করতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, জুডিথ (৫৯) ও নাটালি (১৭) দ্বৈত আমেরিকান-ইসরাইলি নাগরিক। শুক্রবার গভীর রাতে তাদের রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির কাছে দেয়া হয়। পরে ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এদিকে জিম্মি মুক্তির রাতেও গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত ছিল। এতে প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com