বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
বিদেশ বা প্রবাসযাত্রায় বিভিন্ন সমস্যা ও ভোগান্তি দীর্ঘদিনের। সময়ক্ষেপণ, দালালদের দৌরাত্ম্য, নজরদারির অভাব এসব অভিযোগ বাড়ছে। সরকারি পর্যায়ে এসব সমস্যা দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও ভোগান্তি বা প্রতারণা কোনোটিই কমেনি। তবে ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ সমস্যা অনেকটাই কমিয়ে এনেছে আমি প্রবাসী অ্যাপ। এর মাধ্যমে প্রবাসযাত্রায় ভোগান্তি ও ব্যয় এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
বিদেশ যাওয়ার ক্ষেত্রে বেশকিছু ধাপ সম্পন্ন করতে হয়। পাসপোর্ট, ভিসা তৈরি করা থেকে শুরু করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে রেজিস্ট্রেশন নেয়া, প্রশিক্ষণ গ্রহণ, ছাড়পত্র বা স্মার্টকার্ড পাওয়াসহ বিভিন্ন বিষয় রয়েছে। এসব কাজের ভোগান্তি কমাতে বেসরকারিভাবে উদ্যোগ নেয় আমি প্রবাসী প্লাটফর্ম। অ্যাপটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা তারিক একরামুল হক। প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন বাংলা ট্র্যাকের গ্রুপ ডিরেক্টর নামির আহমেদ। প্রবাসযাত্রায় দেশে স্বচ্ছ, নিরাপদ ও ঝুঁকিমুক্ত অনলাইন প্লাটফর্ম তৈরিতে তাদের উদ্যোগের অংশ হিসেবে ২০২১ সালে যাত্রা হয় আমি প্রবাসী অ্যাপের।