রবিবার, ১০ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এবার নির্বাচন করছেন তিনি। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে, বিশ্বাস করে ঢাকা-১০ আসনে নৌকার টিকিট দিয়েছেন। আমি একজন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সঙ্গে আছি। আওয়ামী লীগের পুরো পরিবার আমার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, জয় আমাদের নিশ্চিত। আমরা জয় নিয়ে আসব, সেভাবে আমরা কাজ শুরু করেছি।
তিনি বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিন। আজকে সেই কাঙ্ক্ষিত মনোনয়ন ফরম আমি জমা দিয়েছি। আওয়ামী লীগের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ আসন থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। এই আসন থেকেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রিপারেশন শুরু করেছিলেন। এখানে বেড়ে উঠেছে আমাদের প্রধানমন্ত্রীর পুরো পরিবার। আবার এখানেই ঘাতক দালালদের নির্মম বুলেটে বঙ্গবন্ধুসহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর তাজা রক্ত এখনো ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে আছে। এটাই এখন আমাদের যাদুঘর। এই ৩২ নম্বরকে, ধানমন্ডিকে, এই ঐতিহাসিক জায়গার ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা শিল্প, সংস্কৃতি, শিক্ষা সবকিছুকে পাশে নিয়ে সুন্দর করে কাজ করব।