শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফেরার পর বিমানবন্দরে তাদের শুভেচ্ছা জানান বিসিবি’র কয়েকজন পরিচালক। এ সময় ক্রিকেটার মিষ্টিমুখও করানো হয়। এরপর সাংবাদিকদের সামনে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ করেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
জুবায়ের বলেন, ‘এটা টিম গেইম। চিন্তার জায়গা তো আছেই। ব্যাটাররা ভালো করলে হয়ত দ্বিতীয় ম্যাচে আরও ভালো করা যেত। সেখানে টস অনেক জরুরি ছিল। উইকেটে টেনিস বল বাউন্স ছিল যেটা আমরা মানিয়ে নিতে পারিনি। সেখানে আমাদের একটু সমস্যা হয়েছে। পেসাররা ভালো হলে আপনি আশা করতে পারেন যে বাইরের দেশে গিয়ে টেস্ট ম্যাচ জিতবেন, ২০ উইকেট নিতে পারবেন। এটা ভালো সাইন। আশা করি সামনে এই ফর্মটা তারা ধরে রাখতে পারবে।’ তালহা মনে করেন দ্বিতীয় টেস্টে টস জিতলে দৃশ্যপট আলাদা হতে পারতো।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে আমরা দাপট দেখিয়ে হারাব এতগুলো সেশন, কোনো সেশনেই তারা প্রথম টেস্টে আমাদের সাথে পারেনি। দ্বিতীয় টেস্টে তারা যেভাবে কামব্যাক করেছে, আমরা জানতাম তারা অনেক শক্তভাবে কামব্যাক করবে। সেখানে টস অনেক জরুরি ছিল, টস আমাদের পক্ষে আসলে খেলা ঘুরে যেতে পারত। অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার। এটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে, আমরা আসলে যে কাউকে হারাতে পারি। এই অভিজ্ঞতা আমাদের সামনের সফরগুলোতে কাজে লাগবে।’