বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধের মধ্যেও ২০২৩ সালে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে মোট আয় ৯ শতাংশ বেড়ে ৭০ হাজার কোটি ইয়েন (৯ হাজার ৮৫০ কোটি ডলার) ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে চীনের প্রযুুক্তি কোম্পানিটি। খবর রয়টার্স।
২০২২ সালে হুয়াওয়ের আয় ছিল ৬৪ হাজার ২৩০ কোটি ইয়েন। তবে ২০১৯ সালের ১২ হাজার ৩০০ কোটি ডলার আয়ের তুলনায় এটি কম। আয় বৃদ্ধির আশা বা পূর্বাভাসের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ২০১৯ সালে জটিল বৈশ্বিক প্রযুক্তি ও উন্নত চিপ ব্যবহারে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে এত কিছুর পরও আয়ের প্রবৃদ্ধি ধরে রাখার মাধ্যমে কোম্পানিটি পুনরায় শক্তভাবে বাজারে ফিরে আসার সংকেত দিচ্ছে।
বছর শেষে কর্মীদের উদ্দেশে দেয়া বার্তায় হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু বলেন, ‘বিভিন্ন উত্থান-পতনের মধ্যেও আমাদের সঙ্গে থাকায় কর্মীসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ। চ্যালেঞ্জ ও সমস্যা মোকাবেলায় একত্রে কাজ করার জন্য হুয়াওয়ে টিমের সব সদস্যকে ধন্যবাদ।’