সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ভারতের ৯০ শতাংশ মিডিয়া নিয়ন্ত্রণ করছে তিন ব্যক্তি: রাহুল গান্ধী

রাহুল গান্ধীর দাবি, তার সোশ্য়াল মিডিয়া অ্য়াকাউন্ট নিয়ন্ত্রিত ও প্রায় নিষিদ্ধ করা রয়েছে। ভারতের ৯০ শতাংশ মিডিয়া নিয়ন্ত্রণ করছে তিন ব্যক্তি।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) রাতে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় কংগ্রেস নেতা রাহুল এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমার মনে হচ্ছে ভারত আর অবাধ ও স্বচ্ছ গণতন্ত্রের দেশ থাকবে না। আদানিদের মতো কিছু মানুষের হাতে বেশির ভাগ সম্পদ কুক্ষিগত হচ্ছে। তেমনি ভারতের মিডিয়া, আইন ব্যবস্থা, নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষ নেই।

রাহুল গান্ধীর মতে, ভোটে লড়ার জন্য় পরিকাঠামো, অবাধ গণমাধ্যম ও স্বচ্ছ আইনী ব্যবস্থা দরকার। সঙ্গে দরকার স্বচ্ছ নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এমন একটা আমেরিকার কথা ভাবুন, ভাবুন তো যদি আমেরিকায় এমন হতো, যেখানে আইআরএস, এফবিআইয়ের জ্বালায় বিরোধীরা ওষ্ঠাগত হয়ে যাচ্ছেন। এটাই এখানে উল্টো।’

‘যখনই আপনি অর্থনৈতিক উন্নতি নিয়ে কথা বলবেন তখন আপনাকে বলতে হবে কাদের স্বার্থে এই অর্থনৈতিক উন্নয়ন? আপনাদের কাছে ভারতের বেকারত্বের হারটা আছে। ভারতের নাকি বিকাশ হচ্ছে। আর সেই বিকাশ মানে আদানির হাতে সম্পদ জড়ো হওয়া। সবাই জানেন আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগ রয়েছে। তিনি আমাদের সব বন্দর, বিমানবন্দর, কৃষি, খনি, জ্বালানি সম্পদ নিয়ে নিতে চান। সম্পদের বণ্টন বলে কিছু নেই।’

রাহুলের দাবি, তার সোশ্য়াল মিডিয়া অ্য়াকাউন্টটাও প্রায় নিষিদ্ধ করা রয়েছে। এটাও নিয়ন্ত্রিত। ভারতের ৯০ শতাংশ মিডিয়া তিন ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রণের কারণে ভারত জোড়ো যাত্রায় তাকে চার হাজার কিলোমিটার হাঁটতে হয়েছে।

রাহুল গান্ধী জানান, মুখে বেশি কথা বলার চেয়ে কাজে করে দেখানোতে বিশ্বাসী তিনি। তাই ভারত জোড়ো যাত্রায় প্রতিদিন ৩০ কিলোমিটার করে ১৫০ দিন হেঁটেছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com