বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লোহিত সাগরে হুথি হামলা বন্ধে প্রস্তাব নিরাপত্তা পরিষদে

লোহিত সাগরে জাহাজের ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল বুধবার (১০ জানুয়ারি) রাশিয়া ও চীন বিরত থাকা সত্ত্বেও এ সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

ইসরায়েলের সঙ্গে মালিকানার সম্পর্ক থাকা জাহাজ গ্যালাক্সি লিডার ছেড়ে দেয়ার আহ্বানও জানায় নিরাপত্তা পরিষদ। জাপানি সংস্থার মাধ্যমে পরিচালিত জাহাজটি ২৫ ক্রুসহ গত ১৯ নভেম্বর আটক করে হুথিরা।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নভেম্বর থেকে ওই রুটে জাহাজে ২৬টি হামলা হয়েছে। এর ফলে শিপিং কোম্পানিগুলো রুট পরিবর্তন করে উত্তমাশা অন্তরীপ বেছে নেয়। এতে উল্লেখযোগ্যভাবে সময় ও খরচের চাপ বেড়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, হুথিদের হামলার বিপরীতে পশ্চিমা সামরিক প্রতিক্রিয়া বাড়তে পারে। এর আগের দিন মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজ হুথিদের ছোঁড়া ২১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর এ সতর্কতা উচ্চারণ করেন তিনি।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, যুক্তরাজ্য, তার পশ্চিমা মিত্ররা ও সৌদি আরব একমত যে দক্ষিণ লোহিত সাগরে যুদ্ধজাহাজ ও বণিক জাহাজে হামলা চালিয়ে যেতে দেয়া হবে না। স্থলভাগে হুথি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

গাজা যুদ্ধে হামাসের পক্ষে সমর্থন দেখাতে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজ বা ইসরায়েলি বন্দরে আক্রমণের অঙ্গীকার করেছিল ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। তবে লক্ষ্যবস্তু করা অনেক জাহাজের সঙ্গে ইসরায়েলের যোগসূত্র নেই।

গতকাল নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি আনে যুক্তরাষ্ট্র ও জাপান। আন্তর্জাতিক আইন অনুসারে জাতিসংঘের সদস্য রাষ্ট্রে প্রতিরোধের অধিকারকে উল্লেখ করা হয় এ ধারাকে উদ্ধৃত করা হয়ে সেখানে।

এ প্রস্তাব মূলত মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক নৌ টাস্কফোর্স প্রসপারিটি গার্ডিয়ানের ওপর নির্ভরশীল। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজকে হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধ করছে।

এদিকে এক হুথি মুখপাত্র প্রস্তাবটিকে ‘রাজনৈতিক খেলা’ বলে প্রত্যাখ্যান করেছেন। বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার প্রস্তাবিত সংশোধনী প্রত্যাখ্যান করার পর কাউন্সিলের প্রস্তাবটি গৃহীত হয়েছিল। রাশিয়ার মতে, গাজার যুদ্ধ হুথি হামলার ‘মূল কারণ’। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া টাস্কফোর্সের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।

নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা থাকা সত্ত্বেও রাশিয়া ও চীন উভয়ই ভোট থেকে বিরত ছিল। একই পথ ধরে মোজাম্বিক ও আলজেরিয়া।

হুথিদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার ‘বড় আকারের’ লঙ্ঘনের কথা উল্লেখ করে প্রস্তাবে বলা হয়, সব সদস্য রাষ্ট্রকে বাধ্যবাধকতা মেনে চলতে এবং হুথিদের অস্ত্র সরবরাহের নিন্দা করার প্রয়োজনীয়তা পুনরাবৃত্তি করা হয়।

জাতিসংঘ এর আগে বলেছিল, লোহিত সাগরের পরিস্থিতি নিয়ে তারা খুব উদ্বিগ্ন। হুথিদের পদক্ষেপ বিশ্ব বাণিজ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

গত সপ্তাহে মেরিটাইম বিশ্লেষণ সংস্থা উইন্ডওয়ার্ডের প্রতিবেদনে বলা হয়, হুথি হামলার পর থেকে লোহিত সাগরের অত্যাবশ্যক শিপিং লেনে চলাচল উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার বাব-আল মান্দেব প্রণালী বছরের গড় সাপ্তাহিক কনটেইনার জাহাজ চলাচল ৭০ শতাংশ হ্রাস পায়। একই সময়ে উত্তমাশা অন্তরীপে চলাচল বাড়ে ১৩৬ শতাংশ। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সামুদ্রিক বাণিজ্যে ক্রমাগত ব্যাঘাতের ফলে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com