বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে ভয়ংকর তুষার ধসে আটকা পড়েছেন হাজার খানেক পর্যটক। স্থানীয় সময় আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে দেশটির গণমাধ্যমের সূত্রে খবরটি প্রকাশ করেছে রয়টার্স।
প্রতিবেদনে জানানো হয়, টানা কয়েক দিনের তুষারপাতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন-কাজাখস্তানের সীমান্তের হেমু গ্রাম। যেখানে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক।
জিনজিয়াংয়ের আলতাই প্রিফেকচারে অবস্থিত গ্রামটিতে গত ১০ দিনের ভারী তুষারঝড়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, জিনজিয়াংয়ের ওই অঞ্চলে আলতাই পর্বতমালার বড় একটি অংশ ধসে বিপর্যয় সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা কবলিত অঞ্চলে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। আটকে পড়া পর্যটকদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তুষারে ঢেকে যাওয়া প্রায় ৫০ কিলোমিটার রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছিল গত সপ্তাহে। তা সম্পন্ন করতে না করতেই নতুন করে বেশ কিছু রাস্তা তুষারাবৃত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।
খুব দ্রুত রাস্তা পরিষ্কার করে পর্যটকদের উদ্ধারের আশা দিয়েছেন আলতাই অঞ্চলের সড়ক কর্তৃপক্ষ।