নগরকণ্ঠ ডেস্ক
- বুধবার ৭ ফেব্রুয়ারি, ২০২৪ /
মহাকাশযানে অবস্থানের নতুন রেকর্ড গড়লেন রাশিয়ার নভোচারী ওলেগ কোনোনেঙ্কো। গতকাল রোববারই প্রায় আড়াই বছর মহাকাশযানে কাটানোর রেকর্ড গড়েন তিনি। খবর তাসের।
তাস জানিয়েছে, ৫৯ বছর বয়সি কোনোনেঙ্কো মস্কোর স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে সর্বোচ্চ সময় মহাকাশে থাকার রেকর্ড গড়েন। কোনোনেঙ্কো রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস কসমোনাট করপোরেশের কমান্ডার। তিনি এখন পঞ্চম মহাকাশ ফ্লাইট পরিচালনা করছেন। তার এই মহাকাশ অভিযানের সময় শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর। ওই সময় পর্যন্ত তিনি মহাকাশে মোট ১ হাজার ১১০ দিন কাটাবেন।
এর আগে আরেক রুশ নভোচারী গেনাদি পাদাল্কা ৮৭৮ দিন, ১১ ঘণ্টা, ২৯ মিনিট, ৪৮ সেকেন্ড মহাকাশে থাকার রেকর্ড করেছিলেন। জেনেদি ২০১৭ সালে অবসরে যান।
সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে জানিয়েছে, কোনোনেঙ্কো ২০০৮ সালের ৮ এপ্রিল প্রথম মহাকাশ অভিযানে গিয়েছিলেন। আর ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েবসাইট থেকে জানা গেছে, কোনোনেঙ্কো ৩৪ বছর বয়সে প্রথমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রশিক্ষণে অংশ নেন। আইএসএস প্রকল্প যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথভাবে পরিচালনা করছে। রোসকসমস গত ডিসেম্বরে জানিয়েছিল, আইএসএসের সঙ্গে নাসার যৌথ অভিযানের সময়সীমা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।