বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো জোটের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ না নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান জন র্যাটক্লিফ। মঙ্গলবার গোপনে মস্কো সফর করে রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও পলিটিকোর বরাতে দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন গোয়েন্দা মূল্যায়নে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে রাশিয়া কয়েক সপ্তাহের মধ্যেই ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে সীমিত পরিসরে সামরিক পদক্ষেপ নিতে পারে। জোটের প্রতিক্রিয়া ও ঐক্য পরীক্ষা করতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধে রণক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি না হওয়ায় পুতিন উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারেন বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বাল্টিক অঞ্চলের কোনো একটি দেশে সীমিত স্থল অভিযান অথবা পূর্ব ইউরোপজুড়ে বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে রাশিয়া।