মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : পোস্ট চুরি নিয়ে আবারও সংবাদের শিরোনামে এলেন বলিউড তারকা ঊর্বশী রাওতেলা। এতদিন জিনিসপত্র, সোনা-দানা, মূল্যবান সামগ্রী চুরির খবর পাওয়া গিয়েছে। এবার শিরোনামে ‘টুইট চুরি’। আর সে কারণে আবারও একবার ট্রলের শিকার অভিনেত্রী।
২৬ বছরের অভিনেত্রী এবার টুইট করেছেন অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’ নিয়ে। তবে যা লিখেছেন, তা নাকি মার্কিন সাংবাদিক জল পল ব্রেমারের টুইটটি টুকে নিজের অ্যাকাউন্টে দিয়েছেন ঊর্বশী। এক নেটিজেনই মিস্টার ব্রেমারের নজরে আনেন এই বিষয়টি। সাইডে দুটি টুইট বসিয়ে পোস্ট করেছেন তিনি। তারপরই জন পল নিজেই সেটি নিয়ে আপত্তি প্রকাশ করেছেন।
গত ৩ মার্চ ওই সাংবাদিক প্যারাসাইট ছবিটি নিয়ে একটি টুইট করেন। ৩১ মার্চ ঊর্বশী ওই একই টুইট পোস্ট করেছেন ছবিটি প্রসঙ্গে। এটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ভয়ানক ট্রলের শিকার হন এ অভিনেত্রী।
গত জানুয়ারি মাসেই ঊর্বশীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট টোকার অভিযোগ উঠেছিল। শাবানা আজমি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর মোদী তার সুস্থতা কামনা করে যে টুইট করেছিলেন, ঊর্বশীও সেই একই টুইট করেছিলেন বলে অভিযোগ ওঠে। এর আগেও সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক নিয়ে সুপার মডেল গিগি হাদিদের লেখা ইনস্টাগ্রামে টুকে পোস্ট করার অভিযোগ উঠেছিল।
নগরকন্ঠ.কম/এআর