মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

‘গেন্দা ফুল’ নিয়ে বিপাকে বাদশা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় গায়ক বাদশা ও পায়েল দেবের মিউজিক ভিডিও ‘গেন্দা ফুল’। এই গানে কোমর দুলিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। মুক্তির পর শ্রোতাদের মন জয় করলেও এই গান নিয়ে বিতর্কও পিছু ছাড়ছে না।

শুরুতে বাদশার বিরুদ্ধে গানটির কথা চুরির অভিযোগ ওঠে। রতন কাহার নামের এক ব্যক্তি দাবি করেন, গানটি তার লেখা এবং গানে তার কৃতিত্ব দেয়া হয়নি। এমনকি তার পরিচিত অনেকেই একই কথা বলেছেন। এ নিয়ে ভারতীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এবার বঙ্গনারীদের অশ্লীলভাবে প্রদর্শনের অভিযোগ এনে বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ‘আত্মদীপ’। গতকাল শনিবার উত্তর ২৪ পরগণার বীজপুর থানায় বাদশা এবং সংশ্লিষ্ট মিউজিক কোম্পানির বিরুদ্ধে এফআইআর দায়ের করে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। তাদের অভিযোগ, ‘গেন্দা ফুল’ গানে বঙ্গসংস্কৃতি অর্থাৎ বঙ্গনারীদের অসম্মান করা হয়েছে। এছাড়া গানের কথাতেও কিছু অশ্লীল শব্দ ব্যবহার হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওতে ধুনুচি নাচ ও বাঙালি নারীদের অশ্লীলভাবে তুলে ধরা হয়েছে। এই বিষয়ে সংস্থার তরফে প্রথমে বাদশাকে টুইটারে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি এজন্য এই গায়ককে ক্ষমা চাইতেও অনুরোধ করা হয়। কিন্তু বাদশা শিল্পী রতন কাহারকে স্বীকৃতি দেওয়ার কথা বললেও এখনও ক্ষমা চাননি। তাই বাধ্য হয়েই ‘আত্মদীপ’-এর পক্ষ থেকে এফআইআর করা হয়েছে।

তবে এ বিষয়ে গায়ক বাদশা ও গানটির প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিক এখনো কোনো মন্তব্য করেনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com