মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসের প্রভাবে পুরোবিশ্ব এখন থমকে আছে। ইউরোপিয় দেশ, বিশেষ করে ইতালি এবং স্পেনে অবস্থা দিনদিন খারাপের দিকে যাচ্ছে। একই অবস্থা ফ্রান্স-জার্মানিসহ অন্যান্য দেশের। ভয়াবহ অবস্থা আমেরিকাতেও। বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। পাল্লা দিচ্ছে মৃতের সংখ্যাও।
সংক্রমণ রুখতে সারা পৃথিবীতে চলছে লকডাউন। বিভিন্ন দেশে তৈরি হয়েছে করোনা মোকাবিলা ফান্ড। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলা তহবিলের জন্য পারফর্ম করতে চলেছেন বিখ্যাত তারকারা।
হলিউড স্টারদের সঙ্গে এই তালিকায় নাম রয়েছে দুই বলিউড তারকারও। বিদেশের মাটিতে হলিউড তারকাদের তুলনায় এই দুই অভিনেতার জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। তাদের মধ্যে একজন শাহরুখ খান। অন্যজন প্রিয়াঙ্কা চোপড়া। গ্লোবাল সিটিজেনের তরফে ‘হু’-এর করোনা মোকাবিলা ফান্ডের জন্য আয়োজিত হতে চলেছে একটি ইভেন্ট। যার নাম ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’।
আগামী ১৮ এপ্রিল হবে এই অনুষ্ঠান। সোশ্যাল গুরুত্ব বজায় রেখে তারকারা নিজেদের বাড়িতে থেকেই করোনা-যোদ্ধা চিকিতসক-নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সকলকেই ধন্যবাদ জানাবেন। সাধারণ মানুষকেও এই ইভেন্টে সামিল হওয়ার আবেদন জানিয়েছে গ্লোবাল সিটিজেন।
শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও এই অনুষ্ঠানে সামিল হবেন লেডি গাগা। থাকবেন করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যামসহ আরও অনেকেই। মূলত বিশ্বজুড়ে করোনা মোকাবিলায় নিরলস পরিশ্রম করা সকলকে ধন্যবাদ জানাতেই এই ঐতিহাসিক লাইভ ইভেন্টের আয়োজন করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর