মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

কেমন আছেন অন্তঃসত্ত্বা তাসনুভা?

বিনোদন প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মা হতে যাচ্ছেন লাক্স তারকা অভিনেত্রী তাসনুভা এলভিন। বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা তিনি। কিন্তু করোনার তাণ্ডবে সবকিছু স্থবির হয়ে পড়েছে। একেবারে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন তিনি।

করোনার এই সংকটকালে কেমন আছেন এই অভিনেত্রী? তা জানতে কথা হয় এ তারকার সঙ্গে। রাইজিংবিডিকে তাসনুভা এলভিন বলেন—‘আলহামদুলিল্লাহ, আছি ভালো।’

শারীরিকভাবে পুরোপুরি সুস্থ রয়েছেন তাসনুভা। কিন্তু করোনার সংক্রমণ রোধে বাসার কাজের লোকজনকে ছুটি দিয়ে দিয়েছেন। আর এতেই বেশ কষ্টে পড়েছেন তিনি। তার ভাষায়—‘বাসায় বুয়া নাই। রান্না-বান্না থেকে শুরু করে সব কাজ নিজেকেই করতে হচ্ছে। একটু কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। তবে আমার হাজব্যান্ড সহযোগিতা করছে। দুজনে মিলিই সব সামাল দিচ্ছি।’

তাসুনভা তার চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আপাতত তার শারীরিক কোনো সমস্যা নেই। আগামী ২০ জুলাই ঘর আলো করে আসবে তাসনুভার সন্তান। সবকিছু ঠিক থাকলে সন্তান জন্মের পর আবার অভিনয়ে ফিরবেন তিনি। তবে মাতৃত্বের স্বাদ পেতে অধির অপেক্ষায় দিন কাটছে এ অভিনেত্রীর। তার ভাষায়—‘প্রতিটি নারীর কাছে এ সময়টা অন্যরকম এক আনন্দের।’

২০১৭ সালের ২৬ মার্চ ভালোবেসে ফাহাদ রিয়াজীর সঙ্গে ঘর বাঁধেন তাসনুভা। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি তাদের প্রথম সন্তান।

২০১০ সালে লাক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসুনভা এলভিন। তারপর নাম লেখান বিজ্ঞাপন ও নাটকে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কাচের পুতুল’, ‘খানদানি মঞ্জিল’, ‘মিস্টার টেনশন’ প্রভৃতি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com