মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অভিনেত্রী শ্রিয়া সরন। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় সিনেমার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
বর্তমানে স্বামী আন্দ্রেই কসচেভের সঙ্গে স্পেনের বার্সেলোনাতে অবস্থান করছেন তিনি। দৃশ্যম সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, তার স্বামীর করোনার লক্ষণ দেখা দিয়েছে। তবে বর্তমানে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তারা।
শ্রিয়া সরন বলেন, ‘আন্দ্রেইয়ের শুষ্ক কাশি ও জ্বর হলে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকরা আমাদের হাসপাতালে থেকে চলে আসতে বলেন। চিকিৎসক জানান, এখনো তার কোভিড-১৯ হয়নি কিন্তু হাসপাতালে থাকলে হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমরা বাড়ি ফিরে আইসোলশনে থেকে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিই। আমরা আলাদা ঘরে ঘুমাচ্ছি এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখছি। আশার খবর এই যে, সে এখন আগের চেয়ে সুস্থবোধ করছে। মনে হচ্ছে বিপদ কেটে গেছে।’
গত ১৩ মার্চ ছিল শ্রিয়ার দ্বিতীয় বিবাহবার্ষিকী। সেই দিনই প্রথম করোনার ভয়াবহতা উপলব্ধি করেন বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা আগে থেকেই একটি রেস্তোরাঁয় টেবিল বুক করে রেখেছিলাম। কিন্তু গিয়ে দেখি রোস্তোরাঁ বন্ধ। তখনই আমরা বুঝতে পারলাম, বিষয়টি বেশ জটিল আকার ধারণ করেছে। পুরো স্পেন লকডাউন। তারপর থেকে সবকিছু পরিবর্তন হতে শুরু করে। জরুরি প্রয়োজনে প্রত্যেক পরিবার থেকে মাত্র একজনকে বাহিরে বের হওয়ার অনুমতি দেয় পুলিশ। তবে আন্দ্রেই ও আমাকে একবার পুলিশ আটকিয়েছিল। কিন্তু সে শ্বেতাঙ্গ ও আমি ইন্ডিয়ান হওয়ায় বুঝতে পারেনি আমরা একসঙ্গে ছিলাম। পরে আমাদের ছেড়ে দেয়।’
নগরকন্ঠ.কম/এআর