মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বৈশাখের প্রথম দিন ভারতে লকডাউন উঠে যাওয়ার কথা ছিল। কিন্তু তা বেড়ে এখন ৩ মে পর্যন্ত গড়িয়েছে। প্রকৃতির নিয়মে বৈশাখ এসেছে। তবে চারপাশের পরিবেশ সে কথা বলছে না। কারণ সবাই ঘরবন্দি। এ উৎসব উপলক্ষে কলকাতায়ও নেই কোনো অনুষ্ঠান। সাধারণ মানুষের মতো টলিউড তারকারাও ঘরবন্দি বৈশাখ উদযাপন করছেন। তাদের নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
বর্ষবরণ বাঙালির প্রাণের উৎসব হলেও বাইরে বের হতে নিষেধ করেছেন চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। এই সাংসদ বলেন—সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এ বছর বাড়িতে থেকেই হোক নববর্ষ পালন, তাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন। আর যারা আমাদের জন্য বাড়ির বাইরে থেকে লড়াই করছেন, সেই সকল চিকিৎসক, নার্স, পুলিশ ও প্রশাসনের কর্মীরা, জরুরি বিভাগের কর্মীরা ও আমার মিডিয়ার বন্ধুরা, তাদের জানাই কুর্ণিশ।
নববর্ষ মানেই অভিনেত্রী পাওলি দামের মনে ভিড় করে ছোটবেলার স্মৃতি। আর এবারো এই স্মৃতিটুকুই তার সম্বল। স্মৃতিচারণ করে পাওলি দাম বলেন— বাবার দোকানে হালখাতা, ভালো ভালো মেন্যু, নতুন জামা কাপড় পরে হইহই করা…। এ বারের নববর্ষ যেন আরো বেশি করে এসব স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
এদিকে চিত্রনায়ক অঙ্কুশ হাজরার বোন-ভগ্নিপতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। তাই তাদের নিয়ে বেশ দুঃশ্চিতাগ্রস্ত অঙ্কুশ। তবে বর্ষবরণের দিনটি একেবারেই অগ্রাহ্য করছেন না। এ অভিনেতা বলেন—মায়ের হাতে যা যা খেতে ভালোবাসি, দুপুরের খাবারে তাই ছিল। পনিরের ডালনা, কষা মাংস, স্পেশাল আলু পোস্ত, আমের চাটনি—এই সব আর কি। আজ ডায়েট মানছি না।
নগরকন্ঠ.কম/এআর