মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

আয়েশা তাকিয়াদের হোটেল হবে কোয়ারেন্টাইন সেন্টার

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। এই পরিস্থিতি মোকাবিলায় নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে শোবিজ অঙ্গনের তারকারা। এবার সেই তালিকায় নাম লেখালেন টারজান: দ্য ওয়ান্ডার কার সিনেমাখ্যাত অভিনেত্রী আয়েশা তাকিয়া ও তার স্বামী ফারহান আজমি।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইনের জন্য মুম্বাইয়ে অবস্থিত তাদের আবাসিক হোটেল বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে দিয়েছেন তারা। এ বিষয়ে ফারহান আজমি বলেন, ‘হ্যাঁ, আমাদের গালফ হোটেল কোয়ারেন্টাইনের কাজে ব্যবহারের জন্য বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে দিয়েছি। এই সঙ্কটময় মুহূর্তে আমরা সবাই একসঙ্গে আছি। আমাদের হোটেল ছোট। আশা করব, ভবিষ্যতে সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহযোগিতা করবেন।’

এর আগে মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তার বিলাসবহুল হোটেল স্বাস্থ্যকর্মীদের জন্য উন্মুক্ত করেন অভিনেতা সোনু সুদ। এছাড়া মুম্বাইয়ে তাদের চারতলা অফিস কোয়ারেন্টাইনের কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার স্ত্রী গৌড়ী।

রূপ ও অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আয়েশা তাকিয়া। ২০০৯ সালে ভারতীয় ব্যবসায়ী-রাজনীতিবিদ ফারহান আজমিকে বিয়ের পর পুরোদস্তুর সংসারী হয়ে যান এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com