মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:১২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জুয়েল আইচ। দেশের একজন প্রখ্যাত জাদুশিল্পী। তিনি একাধারে একজন বংশী বাদক, চিত্রশিল্পী, তবলা বাদক। সঞ্চালনাতেও দারুণ পারদর্শী এই মুক্তিযোদ্ধা। তার জাদু ভক্তদের ছড়া লিখেও চমকে দেন এই শিল্পী।
মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষ জাদু নিয়ে হাজির হলেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী। তবে কোনো টেলিভিশন শো কিংবা ভিডিওর মাধ্যমে নয়, বরং ছাড়ার ছলে জাদুটি দেখিয়েছেন তিনি। ‘করোনা মারার জাদু’ শিরোনামে ছড়াটি জুয়েল আইচ তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন। ছড়াটি হলো—
কালোজিরা মধু
করোনা মারার জাদু।
গরম জলে লেবু
কোভিড হবে কাবু।
কাঁচা রসুন খেলে
ভাইরাস যাবে চলে।
নিম পাতার চা
গরম গরম খা।
সব ওষুধের দাদা
নামটি তার আদা।
তুলসিপাতা মেথি
বিশ্বজোড়া খ্যাতি।
লবঙ্গ তেজপাতা
ফুসফুস হলে ব্যথা।
এলাচি দারচিনি
খাবে প্রতিদিনই।
বাষ্প পানির ভাপ
শুকনো কাশি মাফ।
করলে বেশি দান
শান্তি পাবে প্রাণ।
ছড়াটি প্রকাশের পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় দুই শত মন্তব্য পড়েছে। শেয়ার হয়েছে প্রায় দুই হাজার। মন্তব্যের মাধ্যমে যুগপোযগী এই ছড়ার প্রশংসা করছেন সবাই।
অন্যদের মতো এই লকডাউনের সময়ে বাসায় অবস্থান করছেন জুয়েল আইচ। গত তিন সপ্তাহ ধরে নিয়ম মেনে ঘরে থাকছেন তিনি। এর আগে জুয়েল আইচ বলেন, ‘মনে রাখতে হবে, আমরা যুদ্ধজয়ী জাতি। যুদ্ধের ময়দানেও আমাদের মনে একটা আনন্দ ছিল—আমরা দেশের জন্য লড়ছি। আমরা ন্যায়ের পথে আছি। আমরা সেই যুদ্ধে জিতেছি। মনে জোর আর সচেতন থাকলে এবারো আমরা জিতে যাব।’
নগরকন্ঠ.কম/এআর