মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এদিকে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে৷ করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাই ঘরে অবস্থান করছেন। এতে করে বিপাকে পড়েছেন অসচ্ছল মানুষগুলো। এরই মধ্যে তাদের পাশে দাঁড়িয়েছেন শোবিজ তারকাসহ সমাজের বিত্তবানরা।
চিত্রনায়ক ফেরদৌসকে সবসময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রথম সারিতে দেখা যায়৷ কিন্তু করোনায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এ বিষয়ে ফেরদৌস রাইজিংবিডিকে বলেন, ‘এরই মধ্যে করোনা সচেতনতায় কয়েকটি ভিডিও প্রকাশ করেছি। করোনা প্রতিরোধের প্রথম কাজ ঘরে থাকা। তাই বাইরে বের হচ্ছি না। তাছাড়া আমি বের হলে লোক সমাগম হবে। এজন্য বাসায় বসেই যতটুকু সম্ভব মানুষকে সচেতন করছি।’
তিনি আরো বলেন, ‘অসচ্ছল মানুষদের জন্য কিছু করতে হলে ঢাকঢোল পিটিয়ে করার কি আছে! এখন চাইলে বিকাশের মাধ্যমে করা সম্ভব। আর আমি তাই করছি। এফডিসির অনেককে বিকাশের মাধ্যমে সহযোগিতা করছি।’
বর্তমান সময়ের সুপার স্টার ও ব্যস্ত অনেক তারকাও এ পরিস্থিতিতে নীরব রয়েছেন। অসচ্ছল মানুষদের পাশেও তাদের দেখা যাচ্ছে না। এ বিষয় কীভাবে দেখছেন? উত্তরে ফেরদৌস বলেন, ‘কারো বোধ না থাকলে বোধের উন্মেষ ঘটাবেন কী করে? এখন পর্যন্ত যারা এগিয়ে আসেননি তাদের অনুরোধ করছি, তারা যেন এগিয়ে আসেন।’
চিত্রনায়ক ফেরদৌসও ঘরবন্দি রয়েছেন, বাসায় সন্তানদের সঙ্গে সময় কাটছে তার।
নগরকন্ঠ.কম/এআর