মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:১২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঘরবন্দি জীবন কাটাচ্ছেন টলিউডের আলোচিত দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। অনেক দিন ধরে কিছু একটা করার চিন্তা করছিলেন রাজ। তারই ধারাবাহিকতায় করোনাকালে মানুষের মনোবল বৃদ্ধির জন্য একটি মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নেন। আর তার ডাকে সাড়া দেন টলিউডের একঝাঁক তারকা। আজ মুক্তি পেয়েছে সেই গানের ভিডিওটি।
‘বাংলা আমার হাসবে আবার’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন নিকিতা গান্ধি ও শাশ্বত চ্যাটার্জি। গানের কথা লিখেছেন প্রসেন। স্টোরি বোর্ড তৈরি করেছেন রাজ চক্রবর্তী। গানটি নিয়ে নির্মিত ভিডিওতে দেখা যায়—আবির চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, বনি সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি, যীশু সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, পাওলি দাম, কৌশানি ও সায়ন্তিকাকে।
রাজ বলেন, ‘বাংলার মানুষকে উৎসাহ দেওয়ার জন্য গানটি তৈরি করেছি। আমরা আবার আমাদের পুরোনো জায়গায় ফিরে যাব সেই বার্তাই দিতে চেয়েছি। কিন্তু তার জন্য আমাদের কিছু নিয়মও মানতে হবে।’
গত ৮ এপ্রিল হাতে কলমে ভিডিও বানানোর কাজ শুরু করেন রাজ। সবাইকে নিজেই ফোন করে এই ভিডিওর কথা জানান তিনি। এরপর স্টোরি বোর্ডটা জেনে নিজের সুবিধামতো ভিডিও শুট করে রাজকে পাঠিয়েন দেন অন্য তারকারা। করোনা যুদ্ধে যারা প্রথম সারিতে কাজ করছেন তাদেরকে ভিডিওটি উৎসর্গ করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর