মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

করোনার ভয়াবহতার মাঝেই বাবার মৃত্যু, লকডাউনে আটকা মিঠুন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনার ভয়াবহতার মাঝেই মারা গেলেন বলিউড ও টালিউড কাঁপানো অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত কুমার চক্রবর্তী। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তথ্য নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম কলকাতা২৪।

সংবাদমাধ্যমটি জানায়, বাবার মৃত্যুর খবর শুনলেও লকডাউন চলায় শেষকৃত্যে যোগদান করতে সক্ষম নাও হতে পারেন মিঠুন। এ মুহূর্তে বেঙ্গালুরুতে আটকে রয়েছেন এই অভিনেতা। একটি শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন মিঠুন। এরপরই ২১ দিনের লকডাউন শুরু হয় যার মেয়াদ পরে আরও বাড়ানো হয়। বাবার সৎকারে অংশ নিতে না পারলে মুম্বাইয়ে থাকা ছেলে মিমো তার দাদার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবেন।

অবসরের আগে ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন মিঠুনের বাবা বসন্ত কুমার। মা শান্তিময়ী ছিলেন গৃহিনী। চার সন্তানের মধ্যে মিঠুন সবার বড়। মিঠুন ছাড়া আরও তিন মেয়ে রয়েছে বসন্ত কুমারের। মিঠুন চক্রবর্তীর আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com