মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মহামারি করোনার প্রকোপে কাজ বিহীন চলচ্চিত্রের স্বল্প আয়ের মানুষগুলো বিপাকে পড়েছেন। এবার এসব স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ালেন দীন মোহাম্মদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক আসিফ নূর। আজ সোমবার চলচ্চিত্রের সঙ্গে জড়িত বিভিন্ন পেশার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
আসিফ নূর বলেন, ‘শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্ব একটা অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। এই শত্রুর নাম করোনাভাইরাস। এই করোনাভাইরাসের যুদ্ধে সারা বিশ্বের মানুষ অংশগ্রহণ করেছেন। সবাই এখন গৃহবন্দি। কেউ বের হতে পারছেন না। তবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা চাইলেই গৃহবন্দি থাকতে পারছেন না। তারা দিন আনে দিন খায়। এই দুঃসময়ে অনেকেই তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি চাই সবার জায়গা থেকে সবাই পাশে থাকুক। এই যুদ্ধে আমিও তাদের পাশে দাঁড়াতে চাই। সবার জায়গা থেকে একটু একটু করে এগিয়ে আসলে আমাদের সংকটময় অবস্থা কিছুটা উন্নত হবে বলে আশা করি।’
তিনি আরো বলেন, ‘আমার একটি ফাউন্ডেশন আছে তার মাধ্যমে নিম্ন আয়ের মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছি। তবে ত্রাণ বিতরণের নামে যদি জনসমাগম করি তাহলে উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। প্রত্যেককে সচেতনতার সঙ্গে ত্রাণ বিতরণ করতে হবে। সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। সবাই এই যুদ্ধের সৈনিক। প্রত্যকে নিজ নিজ বাসায় অবস্থান করেই এই যুদ্ধ চালিয়ে যাবেন। সবাই সচেতন হয়েই সাহায্য করবেন। আমরা সবাই সরকারের দিক নির্দেশনা মেনে চলব। তাহলেই এই যুদ্ধে বিজয়ী হতে পারব।’
পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নূর বলেন, ‘সকলের কাছে অনুরোধ, আমরা যেন গুজব থেকে দূরে থাকি। সেই সঙ্গে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে খবর পড়ার আহ্বান জানাচ্ছি।’
আসিফ নূর অভিনীত প্রথম সিনেমা ‘এক পৃথিবী প্রেম’। এস এ হক অলিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। এছাড়া শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
নগরকন্ঠ.কম/এআর